ঢাকা-সিলেট মহাসড়ক ৬ কিমি যানজটে ভোগান্তি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বরপা, রূপসী, কাঞ্চন, ভুলতা এলাকাজুড়ে এ যানজট দেখা গেছে। যানজটের কারণে বাসের যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। যানজটের অন্যতম কারণ হিসেবে ফুট ওভারব্রিজ সংকট, যত্রতত্র গাড়ি ওঠানামা ও রূপসী-কাঞ্চন সড়ক দিয়ে বিশৃঙ্খলভাবে শিল্পকারখানার অতিরিক্ত মালবাহী ট্রাক আসা-যাওয়াকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ যানজটের কারণে ১৫ মিনিটের পথ যেতে কয়েক ঘণ্টা লাগছে বলে জানান যাত্রীরা।

গাউছিয়া এলাকার বাসিন্দা সূজন মিয়া বলেন, ‘চিটাগংরোড থেকে গাড়িতে উঠেছি গাউছিয়া যাওয়ার জন্য। কাঁচপুর থেকে যানজট শুরু হয়েছে। দুই ঘণ্টায় মাত্র বরাবোতে পৌঁছেছি। যানজট কখন শেষ হবে আর কখন বাড়ি যাব বুঝতে পারছি না।’

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর সালাহউদ্দিন বলেন, ‘যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে গাড়িচালকরা নিয়ম না মানার কারণেই যানজট সৃষ্টি হচ্ছে।’