রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ‘কিং অব মোচর’ ও ‘ভাইব্বা ল কিং’ নামের দুটি কথিত কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গতকাল সোমবার দুপুরে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো হৃদয়, রাসেল, শাওন, তাওহীদ, রাসেদ ও খাইরুল।
র্যাবের স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, মোহাম্মদপুর এলাকায় দুটি কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবন এবং চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উভয় গ্রুপে ২৫-৩০ জন করে সদস্য রয়েছে।