পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে বিগ ব্যাশের আম্পায়াররা। হাসনাইনের বিরুদ্ধে রিপোর্টও করা হয়। যার প্রেক্ষিতে অ্যাকশন পরীক্ষা দিতে হচ্ছে ২১ বছর বয়সী ডানহাতি পেসারকে।
হাসনাইন বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলছেন। নিজের দলের হয়ে পাঁচটি ম্যাচও খেলেছেন। বিগ ব্যাশ লিগে হাসনাইনের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা রিপোর্ট করার পরে তিনি পরীক্ষা দিতে রাজি হয়েছেন।
হাসনাইন লাহোরে আইসিসি-স্বীকৃত বায়োমেকানিক্স ল্যাবরেটরিতে পরীক্ষা দেবেন। মঙ্গলবারই তার অ্যাকশনের পরীক্ষা করা হবে। অস্ট্রেলিয়াতেই পরীক্ষা হওয়ার কথা ছিল তার। কিন্তু নিজ দেশে আইসিসি স্বীকৃত ল্যাবরেটরি থাকায় সেই সুবিধাই গ্রহণ করছেন হাসনাইন।
২১ বছর বয়সী এই বোলার একবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ঘণ্টায় ১৫৫ কিমি গতিতে বল করেছিলেন। বিবিএলে নিজের অভিষেক মৌসুমে দারুণ প্রভাব ফেলেছিলেন। ইংল্যান্ডের শাকিব মাহমুদের বদলি হিসেবে সিডনি থান্ডারের দলে আসেন। ব্রিসবেন হিটের বিপক্ষে থান্ডারের ৫৩ রানের জয়ের পেছনে ছিল তার ২২ রানে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব।
সিডনি সিক্সার্সের বিপক্ষে তার শেষ খেলায়, স্টাম্পের মাইকে হাসনাইনের উদ্দেশ্যে মোয়েসেস হেনরিকস বলেছিলেন ‘ভালো থ্রো মেট’। তখন তিনি তাকে বাউন্সার করেছিলেন।
হাসনাইন সেই খেলায় একটিও উইকেট নিতে পারেননি। যদিও তিনি দারুণ বল করেছিলেন। চার ওভারে ২২ রান দিয়েছিলেন তিনি। সিক্সার্স ৬০ রানে সেই ম্যাচ জিতেছিল।
হাসনাইন বিগ ব্যাশে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন। ওভার প্রতি মাত্র ৬ রান করে দিয়েছেন তিনি। তা ছাড়াও ১৫.৭১ গড়ে ৭ উইকেট নিয়েছেন।