বঙ্গোপসাগর থেকে ১২ লাখ ইয়াবাসহ অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বঙ্গোপসাগর থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ ইয়াবাসহ ভারী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দূরে একটি মাছ ধরার নৌকা তল্লাশি করে এগুলো পাওয়া যায়।

পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈল উল হক জানান, ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালান তারা। দুপুর ২টার দিকে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক হওয়ায় থামার সংকেত দেন। কিন্তু নৌকাটি না থামিয়ে কোস্টগার্ডের সদস্যদের দিকে গুলি ছোড়ে। পাল্টা গুলি চালালে ইয়াবা পাচারকারীরা নৌকা থেকে সাগরে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে বিপুলসংখ্যক ইয়াবা ছাড়াও ৩০ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ৩১টি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়। মাদক ও অস্ত্রগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।