দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

হিমালয়ের পাদদেশের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বুধবার সকাল ৯টায় দিনাজপুর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে।

এছাড়াও আজ বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ও গতিবেগ ছিল ৪ থেকে ৫ কিলোমিটার।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার গতিতে ধাবিত হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, বর্তমানে দিনাজপুর জেলা এবং পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা কয়েক দিন থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ ভোর ৬টায় সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ১০ দশমিক ২, নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় ১০ দশমিক ২, চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৭, রাজশাহীতে ১১ ডিগ্রি, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় ১১ দশমিক ২ ডিগ্রি, বগুড়া ১২ ডিগ্রি, কুড়িগ্রাম জেলার রাজারহাটে ১২ ডিগ্রি, রংপুরে ১২ দশমিক ৩ ডিগ্রি, যশোরে ১২ দশমিক ৪ ডিগ্রি ও শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।