বি আর চোপড়ার বিখ্যাত সিরিয়াল ‘মহাভারত’-এ শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা নিতিশ ভরদ্বাজ। সম্প্রতি ১২ বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙার পর বললেন, বিচ্ছেদ মৃত্যুর চেয়েও কষ্টকর হতে পারে।
আইএএস অফিসার স্মিতা গ্যাটের সঙ্গে সংসার করছিলেন নিতিশ। তাদের রয়েছে যমজ কন্যা সন্তান।
মঙ্গলবার বিয়ে ভাঙার খবরটি জনসমক্ষে এনেছেন নিতিশ। বম্বে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি মুম্বাইয়ের ফ্যামিলি কোর্টে ডিভোর্সের মামলা ফাইল করেছি। কেন আমাদের ছাড়াছাড়ি হলো, সেটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আদালত দেখছে বিষয়টা। কেবল একটাই কথা বলতে পারি, মৃত্যুর চেয়েও কষ্টকর হতে পারে ডিভোর্স। মনে হয় শরীর থেকে গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়েছে আর সেটা নিয়েই বেঁচে থাকতে হচ্ছে।’
এ দিকে ভারতীয় শোবিজে কেবল বিচ্ছেদের গুঞ্জন। সোমবার রাতে খবর আসে, বিয়ের ১৮ বছর কাটিয়ে দেওয়ার পর ডিভোর্সের পথে হাঁটছেন তামিল সুপারস্টার ধানুশ ও রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া।
২০০৪ সালে ঐশ্বরিয়ার সঙ্গে বিয়ে হয় ধানুশের, দীর্ঘ বিবাহিত জীবন ছিল ছিমছাম, বিতর্কহীন। তাদের দুই সন্তানও রয়েছে। ১৮ বসন্ত পার করে এই বিচ্ছেদ তাই ভাবাচ্ছে ভক্তদের।
গত বছরই ঘর ভেঙেছে আরেক সুপারস্টার জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যের। এর আগে ১৪ বছরের সংসারের ইতি টানেন আমির খান ও কিরণ রাও।