আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ জিম্বাবুয়ের ভিক্টরের

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হয়েছে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের ভিক্টর চিরওয়ার।  

চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পাপুয়া নিউগিনির। সেই ম্যাচটি বড় ব্যবধানে জিতে জিম্বাবুয়ের যুবারা।

কিন্তু সেই ম্যাচে অবৈধ বোলিং অ্যাকশনের আঙুলে উঠে তাদের বাঁ-হাতি স্পিনার ভিক্টরের বিরুদ্ধে। আইসিসি জানায়,  ‘শনিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচে ম্যাচ কর্মকর্তারা চিরওয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রতিবেদন দেয়। তার বোলিংয়ের ভিডিও ফুটেজ পরীক্ষা করে ইভেন্ট প্যানেল।’

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানায়, ‘ইভেন্ট প্যানেল অবহিত করেছেন, চিরওয়ার বোলিং অ্যাকশন অবৈধ। তাতে তিনি আর্টিকেল ৬.৭ বিধি ভঙ্গ করেছেন। তাকে তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে।’

পিএনজির বিপক্ষে ম্যাচটি ২২৮ রানে জিতে জিম্বাবুয়ে। চিরওয়া ৭ ওভারে ৩ মেইডেন ১১ রান দিয়ে নেন ২ উইকেট। তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। সেই ম্যাচে ৯ ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেট পাননি ভিক্টর। দিয়েছেন ৭৩ রান।