অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। মেলবোর্ন পার্কে ২৪ বছর বয়সী জাপানি কন্যা ৪-৬, ৬-৩ ৭-৬ (১০-৫) গেমে হেরেছেন আমেরিকার আমান্ডা আনিসিমোভার বিপক্ষে।
অ-বাছাই ২০ বছর বয়সী আনিসিমোভা শেষ ষোলোতে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টির। আসরে এখন পর্যন্ত এক সেটও হারেননি বার্টি। ইতালির কামিলা গিয়র্গিকে ৬-২ ও ৬-৩ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন ২৫ বছর বয়সী এই তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ভিক্তোরিয়া আজারেঙ্কাও। তৃতীয় রাউন্ডে ১৫তম বাছাই ইউক্রেনের এলিনা সভিতলিনাকে ৬-০ ও ৬-২ গেমে হারিয়েছেন বেলারুশিয়ান তারকা।
২৫তম বাছাই আজারেঙ্কা ২০১৬ সালের পর এবারই প্রথম চতুর্থ রাউন্ডে উঠেছেন। তিনি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন দু’বার। ২০১২ ও ২০১৩ সালে। ৩২ বছর বয়সী এ তারকা শেষ ষোলোয় মুখোমুখি হবেন গত বছরের ফ্রেঞ্চ ওপেনজয়ী বারবোরা ক্রেচিকোভার। চতুর্থ রাউন্ড নিশ্চিত করার পথে এই চেক চতুর্থ বাছাই ২-৬, ৬-৪ ও ৬-৪ গেমে হারান লাটভিয়ার হেলেনা ওস্তাপেঙ্কোকে।