খাল দখল করে ভবন নির্মাণ

পটুয়াখালীর বাউফলের আলগী খাল দখল করে কমল পাল (৪৫) নামে এক ব্যক্তি পুইনঘর (মাটির পাত্র পোড়ানোর চুল্লি) নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার পৌর কর্তৃপক্ষ মৌখিকভাবে ওই নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাগুজিরপুল-মদনপুরা ব্রিজসংলগ্ন এলাকায় আলগী খালের ভেতরে প্রায় ১০ ফুট দখল করে মাটির পাত্র তৈরির চুল্লি নির্মাণ করতে পাকা ভবন নির্মাণ করছেন ওই এলাকার কমল পাল। খালের তলদেশ থেকে ঢালাই করে রাস্তা সমান উচ্চতায় গার্ড ওয়াল তৈরি করে মাটি দিয়ে ভরাট করছেন কিছু শ্রমিক। কমল পাল ওই কাজ করাচ্ছেন বলে জানান কর্তব্যরত শ্রমিক। স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি ওই জমি কিনেছেন বলে জানান কমল।

এ ব্যাপারে কমল পাল বলেন, ‘আমি জমি একজনের কাছ থেকে ক্রয় করেছি। ক্রয়কৃত জমিতে স্থাপনা নির্মাণ করছি। জমি মেপে নির্মাণ করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাপ না দিয়ে অনুমানে ঘর নির্মাণ করছি। একটু অংশ সরকারি জায়গায় যেতে পারে।’ এ ব্যাপারে পৌরসভার প্রকৌশলী আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল রবিবার লিখিতভাবে তাকে স্থাপনা ভাঙার নোটিস দেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঠোফোনে জানান, অবৈধভাবে খাল দখল করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।