রাজনৈতিক স্বচ্ছতায় বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী মতের নেতাকর্মীদের খুন, গুমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) ব্যবহার করেছে। আজকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো র্যাবের বিরুদ্ধে সোচ্চার হওয়াই প্রমাণ করে, মানবাধিকার ও রাজনৈতিক স্বচ্ছতায় বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে।’
গতকাল শুক্রবার সকালে রাজধানীর বনানীর নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য সরকার দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেআইনিভাবে বিরোধী মত দমনে ব্যবহার করে বাহিনীগুলোর সুনাম দেশে-বিদেশে নষ্ট করেছে। এর অংশ হিসেবে র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর এবার ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র্যাবকে বাদ দিতে চিঠি দিয়েছে।’
বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির আহ্বায়ক ও সাবেক মন্ত্রী বলেন, ‘আজকে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যে দাবি জানাচ্ছে তার পেছনে বিএনপির কোনো ভূমিকা নেই। কারণ ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মিশনপ্রধানরা তাদের নিজেদের মতো করে সব ঘটনার খোঁজখবর রাখেন। এখন অবাধ তথ্যপ্রবাহের যুগ। চাইলেই সবকিছু লুকিয়ে রাখা যায় না।’