আরও ৫ বছর ভিলা পার্কে আর্জেন্টিনাকে কোপা জেতানো গোলরক্ষক

অ্যাস্টন ভিলার সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করেছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। ২০২৭ পর্যন্ত ভিলা পার্কে থাকবেন তিনি।

১৭.৪ মিলিয়ন ইউরোতে আর্সেনাল ছেড়ে ২০২০ সালে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্তিনেস। ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে ১৫ ক্লিন শিট করেন ২৯ বছর বয়সী এই গোলরক্ষক। যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ।

গত বছর আর্জেন্টিনাকে কোপা জেতাতে দারুণ ভূমিকা রাখেন মার্তিনেস। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে লা আলবিসেলেস্তেদের জিতিয়ে নায়ক বনে যান তিনি।

ডিফেন্ডার কোর্টনি হাউসের সঙ্গে চুক্তির একদিন পর গত শুক্রবার মার্তিনেসের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা জানায় অ্যাস্টন ভিলা। দলটিতে নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ড। ভিলা পার্কে এসেই তিনি চুক্তি নবায়ন করলেন দলের দুই নির্ভরযোগ্য তারকার সঙ্গে।