মিরসরাইয়ে হামলায় ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনায় মিরসরাই কলেজ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মিরসরাই পৌরসভা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মিরসরাই কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মিরসরাই কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ নিশাদ (২৬), রাজু (২৪), সাকিব (২৪) ও সজিব (২০) আহত হয়। পরে আহতদের চমেকে ভর্তি করা হয়। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হামলায় আহত ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ নিশাত অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবালের অনুগতরা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল বলেন, ‘আমি পারিবারিক কাজে নারায়ণগঞ্জে আছি। ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে অহেতুক আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। উল্টো মোবাইল ফোনে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা।’

এ বিষয়ে মিরসরাই থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) রাজিব পোদ্দার বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছে। ঘটনার পরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।