ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের খাল থেকে পীর আলী (৩৮) নামের গলায় ফাঁস দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ওই উপজেলার নলভাঙ্গা গ্রামের খাল থেকে পীর আলী নামে যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত পীর আলী কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের সামছুল হকের ছেলে।
নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, রবিবার রাতে তার ভাই পীর আলীর সাথে কথা হয়। রাতে সে পেয়ারা বাগান পাহারা দিতে যায়। গত রাতে গিয়ে সে আর ফেরেনি। সকালে খালের পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখা এলাকাবাসী আমাদের খবর দেয়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে খালের একটি গাছের নিচে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।