আওয়ামী লীগকে ব্যঙ্গ করে ফেইসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে ছাত্রশিবিরের এক নেতার ১০ বছরের সশ্রম কারাদ- হয়েছে। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক বছর বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। দ-প্রাপ্ত এই শিবির নেতার নাম আবদুল মুকিত ওরফে রাজু (২৬)। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলার হরিপুর গ্রামে। মুকিত হরিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বলে জানিয়েছেন মামলার বাদী সাইদুর রহমান ওরফে বাদল।
সাইদুর রহমান হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। সাইদুর জানান, ২০১৭ সালের ২৭ মে মুকিত তার ফেইসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে একটি কৌতুক পোস্ট করেন। এ কারণে পরদিন তিনি পবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন। মামলার রায়ে তিনি খুশি।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেছে।