জমিতে নারীর রক্তাক্ত লাশ, পাশে পড়ে ছিল ব্যাগ-ছোরা

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা ব্রিজের পাশে পতিত জমি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহত নারীর নাম মোহছেনা আক্তার (৩৭)। তিনি কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ মরদেহের পাশ থেকে একটি ছোরা উদ্ধার করে। তাদের ধারণা ওই নারীকে খুন করা হয়েছে।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় পেয়েছে পুলিশ। মরদেহের পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হওয়া ভোটার আইডি কার্ডের ফটোকপি দেখে ওই নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পেকুয়া থানা-পুলিশ।

নিহত মোহছেনার স্বজনদের সূত্রে জানা গেছে, মোহছেনার প্রথম স্বামী মালয়েশিয়ায় মারা যাওয়ার পর পেকুয়া থেকে দ্বিতীয় বিয়ে করেন। গতকালও তিনি কক্সবাজার শহরে ছিলেন। এদিন বিকেল নাগাদ স্বামীর কাছে গিয়ে হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

তবে নিহতের ছেলে আরিফ জানান, কোনাখালীর রিদুয়ান নামের এক ব্যক্তি তার মাকে টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

পেকুয়া থানার অপারেশন অফিসার মোজাম্মেল হোসাইন জানান, ওই নারী বোরকা পরা ছিলেন। তার শরীরে কয়েকটি জখমের চিহ্ন রয়েছে।