‘তামিম নিজের মতো ক্যারিয়ারটা এগিয়ে নিতে চায়’

তামিম ইকবালের টি-টোয়েন্টি ক্যারিয়ার দেশের ক্রিকেটে এখন অন্যতম আলোচিত ইস্যু। গত শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তামিম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে চান না। এরপরই হইচই পড়ে ক্রিকেটাঙ্গনে।

তামিম অবশ্য এ বিষয়ে এখনো কোনো কিছু পরিষ্কার করেননি। তাই সবার কৌতূহল, তামিম কি সত্যিই টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন?

এই যখন চিত্র তখন মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, তামিমের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকের কথা।

মঙ্গলবারের সেই বৈঠকে তামিমের অবস্থান নিয়ে জালাল ইউনুস বলেন ‘তামিমের নিজস্ব একটা প্ল্যান আছে, ও সেভাবেই এগোতে চাচ্ছে।’

তবে বিসিবি এখন সেটা বলতে চাচ্ছে না। জালাল ইউনুস বলেন, ‘প্ল্যানটা আমি বলতে পারছি না। পরে আপনারা তামিমের মুখে শুনতে পারবেন। তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ স্টিল তারা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। আমরা চাই ওরা কনটিনিউ করুক। আমরা সেই অ্যাঙ্গেলে তামিমের সাথে কথা বলেছি।’