জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ছাত্রীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য জানান।
রহিমা কানিজ বলেন, ‘প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী সুমাইয়া বিনতে ইকরামকে এক বছরের জন্য এবং নওয়াব ফয়জুন্নেসা হলের আনিকা তাবাসসুমকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী। বহিষ্কারাদেশ চলাকালে তারা ক্লাস-পরীক্ষাসহ কোনো ধরনের কর্মকান্ডে অংশ নিতে পারবেন না। পাশাপাশি আবাসিক হলেও থাকতে পারবেন না । প্রক্টর কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সড়কে সরকার ও রাজনীতি বিভাগের ছয় শিক্ষার্থী গল্প করতে করতে যাচ্ছিলেন। এ সময় সুমাইয়া ও আনিকা একই সড়কের ডান দিক দিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে সড়কে জায়গা রেখে চলাফেরা করতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সরকার ও রাজনীতি বিভাগের ৪৪তম ব্যাচের এক ছাত্রের শার্টের কলার ধরে থাপ্পড় দেন সুমাইয়া।