চট্টগ্রামে নতুন ১১২১ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ২ রোগীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন এক হাজার ১২১ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণের হার ৩৫ দশমিক ৬৭ শতাংশ।

চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত বৃহস্পতিবারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ৩ হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১ হাজার ১২১ জনের মধ্যে শহরের ৭৯৭ ও ১৪ উপজেলার ৩২৪ জন।

উপজেলার ৩২৪ জনের মধ্যে হাটহাজারীতে ৪৭, ফটিকছড়িতে ৪৬, পটিয়ায় ৪২, মিরসরাইয়ে ৩৪, আনোয়ারায় ৩২, সাতকানিয়ায় ২৭, রাউজানে ১৯, বোয়ালখালীতে ১৬, রাঙ্গুনিয়ায় ১৫, বাঁশখালীতে ১৩, চন্দনাইশে ১২, লোহাগাড়ায় ১১, সীতাকুন্ডে ৬ ও সন্দ্বীপে ৪ জন রয়েছেন। কর্ণফুলী উপজেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

জেলায় করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৩৬ জনে। এর মধ্যে শহরের ৮৪ হাজার ৬৩৭ এবং গ্রামের ৩১ হাজার ৩৯৯ জন।

গতকাল করোনায় আক্রান্ত গ্রামের ২ জন মারা যান। মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫০ জন হয়েছে। এতে শহরের ৭২৯ ও গ্রামের ৬২১ জন।