এক ঝলকে

দীপিকাকে নতুন নাম দিলেন সালমান

এ সপ্তাহেই শেষ হচ্ছে ভারতের জনপ্রিয় বিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৫তম সিজন। এবারের গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। প্রচারণার অংশ হিসেবে তারই এক ঝলক সামনে এলো। মাত্র ১০ সেকেন্ডের এই টিজার দেখে দর্শকদের চোখ ছানাবড়া! বিশেষ করে কানে যা শোনা গেল সেটা অবিশ্বাস্য। তাই আগাম অনুমান করা যায়, সালমান খানের সঞ্চালনায় এই পর্বটি হবে দারুণ উপভোগ্য। কারণ, সেই টিজারেই আগুন ধরার অবস্থা নেট দুনিয়ায়। যেখানে সঞ্চালক সালমান খান স্বাগত জানাচ্ছেন দীপিকা পাড়ুকোনকে। করতালির মধ্যে স্টেজে প্রবেশ করেন দীপিকা। এরপরই সালমান তার পরিচয় দেন, ‘দীপিকা রণবীর পাড়ুকোন সিং’ বলে! দীপিকার নামের সঙ্গে স্বামীর নাম জুড়ে দেন সালমান খান! যা শুনে হতবাক দীপিকা!

উল্লেখ্য, বিয়ের পর অন্যদের মতো স্বামীর পদবি নিজের নামের সঙ্গে জুড়ে দেননি দীপিকা। নিজের পরিচয়েই তৃপ্ত তিনি। শোনা যাচ্ছে, ‘বিগ বস’র গ্র্যান্ড ফিনালেতে দীপিকা ছাড়াও একঝাঁক তারকা অংশ নেবেন। এদিন চলতি সিজনের বাদ পড়া সব প্রতিযোগী হাজির থাকবেন মঞ্চে। সেরা সাত প্রতিযোগী হিসেবে টিকে আছেন বলিউড তারকা শিল্পা শেঠীর ছোট বোন শামিতা শেঠী, বলিউড তারকা রাখি সাওয়ান্ত, ছোট পর্দার জনপ্রিয় তারকা কারান কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, রাশমি দেশাই, রিয়েলিটি শো তারকা প্রতীক সহজপাল ও কোরিওগ্রাফার নিশান্ত ভাট।    

সংকটাপন্ন সন্ধ্যা মুখোপাধ্যায়

এক দিন আগেই ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী-প্রত্যাখ্যানের ঘোষণা নিয়ে তোলপাড় সৃষ্টি করেন আধুনিক বাংলা গানের কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার সিদ্ধান্তকে স্বাগত জানায় সবাই। ২৪ ঘণ্টার মধ্যেই আবার খবরের শিরোনামে তিনি। শারীরিক পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে তার। ফুসফুসে সংক্রমণে ভুগছেন তিনি। রয়েছে জ্বর, শ্বাসকষ্ট।

কলকাতার লেক গার্ডেন্সের বাড়ি থেকে ইতিমধ্যেই তাকে নিয়ে গ্রিন করিডর করে কলকাতার শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতাল (এসএসকেএম) নিয়ে যাওয়া হয়েছে। তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। পারিবারিক সূত্রে জানা গেছে, দিন কয়েক আগেই বাথরুমে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ৯০ বছর বয়সী প্রবাদপ্রতিম গায়িকা। এর মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে দিল্লি থেকে পদ্মশ্রী পুরস্কারের জন্য ফোন আসে। দায়সারাভাবে পদ্মশ্রী প্রস্তাব আসতেই হতভম্ব হয়ে যান সন্ধ্যা। তৎক্ষণাৎ সেই পদ্মশ্রী প্রত্যাখ্যান করে দেন। তার ভাষায়, ‘আমি বলে দিয়েছি, আমার পদ্মশ্রীর কোনো দরকার নেই। শ্রোতারাই আমার সব। এই অপমানের সম্মান আমি গ্রহণ করতে পারব না। আমি কী কাজ করেছি, ওরা তা জানে না। আমাকে চেনেও না। সংগীতজগৎ সম্পর্কেও ওরা অবগত নয়। তাই কিছু না জেনেই কথা বলেছে, সেটাই খারাপ লাগা। একেবারে ঘোষণার শেষপর্যায়ে এসে আমাকে ফোন করছে, এত দিন পর মনে হলো তাদের।’

দুই রীতিতে মৌনির বিয়ে

গতকাল সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের নায়িকা মৌনি রায়। প্রেমিক সুরজ নামবিয়ারের সঙ্গে গোয়ার সমুদ্রসৈকতে গাঁটছড়া বেঁধেছেন এই বঙ্গললনা। সুরজ দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার। সেখানে ব্যবসাও আছে তার। বিয়ের আগের দিন ধুমধাম করে মৌনির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। আর গতকাল গোয়ার পাঁচতারা হোটেল হিলটনে তাদের বিয়ের আসর বসে। তার স্বামী সুরজ বেঙ্গালুরুর জৈন পরিবারের ছেলে। তাই তারা চেয়েছিলেন দুই পরিবারের রীতি মেনে বিয়ে করতে। সেই পরিকল্পনা মতেই সকালে মালায়লাম ও সন্ধ্যায় বাঙালি রীতি মেনে তারা মালাবদল করেছেন। বিয়ের একটি ছবিও নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন নায়িকা। তাতে দেখা যাচ্ছে সাদা ফুলের ছাদনাতলায় স্বামী তাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। মৌনির পরনে ছিল লাল পাড়ের সাদা কাতান শাড়ি। সঙ্গে গলা জোড়া গোল্ড প্লেটের গয়না। বর পরেছিলেন সোনালি সুতার কাজ করা পাাঞ্জাবি। মৌনির গায়ে হলুদের অনুষ্ঠানে টিভি ও বলিউড ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘নাগিন’ মৌনিকে ব্যাপক পরিচিতি দেয়। ‘গোল্ড’ ছবিতে অক্ষয় কুমারের নায়িকা হয়ে বলিউডে অভিষেক হয় তার। তেলেগু ব্লকবাস্টার হিট সিনেমা ‘কেজিএফ’-এর ‘গালি গালি মে’ আইটেম গানে নাচের মাধ্যমে ঝড় তুলেছিলেন মৌনি। তাকে দেখা যাবে আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। সহশিল্পী রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন ও নাগার্জুন। মৌনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ জনপ্রিয়।