সরকারি স্কুলে ভর্তি বাণিজ্যের অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ জে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্তসহ পরিচালনা কমিটির বিরুদ্ধে শিক্ষার্থীভর্তিতে বাণিজ্য, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন করেছেন অভিভাবকরা। গতকাল বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম বাজারের বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন হয়।

অভিভাবকরা অভিযোগ করেন, ষষ্ঠ শ্রেণিতে অনলাইনে আবেদন করার নিয়ম থাকলেও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে ৪ ধরনের ফরম বিক্রি করেন। দুই ধরনের ফরমে ক্রমিক নম্বর কম্পিউটারাইজড আর দুই ধরনের ফরমে ক্রমিক নম্বর হাতে লেখা ছিল। প্রধান শিক্ষকের পরামর্শে অধিকাংশ অভিভাবক ৮-১০টি করে ফরম ক্রয় করেন। এতে করে একজন ছাত্র লটারিতে একাধিকবার চান্স পায়। একাধিকবার চান্স পাওয়া ছাত্রের একটি রোল রেখে বাকিগুলো হাতে লেখা ক্রমিক নম্বর দেওয়া ফরমের মাধ্যমে তাদের অভিভাবকদের থেকে ২০-৫০ হাজার টাকার বিনিময়ে চান্স না পাওয়া ছাত্রদের ভর্তি করান।

ভর্তি বাণিজ্যের বিষয়টি অস্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত বলেন, ‘বোর্ড থেকে এখনো অনলাইনের কোনো সফটওয়্যার না দেওয়ায় ফরমের মাধ্যমে ভর্তি করাতে হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।’