দুই এশিয়ানের লো-স্কোরিং ম্যাচে রোমাঞ্চকর জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে ৪ রানে হারিয়েছে আফগান যুবারা।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কাকে জয়ের স্বপ্ন দেখান অধিনায়ক দুনিথ ওলেলাগে (৩৪) ও রবিন ডি সিলভা (২১)। অষ্টম উইকেটে দুজনে মিলে ১৪২ বলে করেন ৬৯ রানের জুটি।
কিন্তু ওলেলাগে ফিরলে সেমিতে খেলার স্বপ্ন ভেঙে যায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের। রোমাঞ্চকর ম্যাচটিতে শেষ উইকেটে ট্রেভিন ম্যাথিউর (৪) সঙ্গে ১৪ রানের জুটি গড়েও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি ভিনুজা রানপুল। ১১ রানে অপরাজিত ছিলেন তিনি।
তার আগে অ্যান্টিগায় টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানদের মামুলি রানে বেধে রাখতে বড় কাজটাই করেন রানপুল। এই ডানহাতি পেসার ৯.১ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৫ উইকেট। ওলেলেগে নেন ৩ উইকেট।
কিন্তু শেষ হাসিটা হেসেছে আফগানরাই। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও আল্লাহ নুরের (২৫) সঙ্গে ৪৭ ও নুর আহমেদের (৩০) সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে দলকে শতক পেরোনো স্কোর এনে দেন আবদুল হাদি (৩৭)। ৪৭.১ ওভারে ১৩৪ রানে থামে আফগানিস্তান।
ইনিংসের শেষদিকে ৩৩ বলে ৩০ রান ও ২০ রানে ১ উইকেটে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নুর আহমেদ। যুব বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে আফগান যুবারা।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১৩৪ (৪৭.১ ওভার), হাদি ৩০; রানপুল ৫/১০
শ্রীলঙ্কা: ১৩০ (৪৬ ওভার), ওলেলাগে ৩৪; সামি ২/৩৩