ফিরে এসে নায়ক-খলনায়কের গিনেস রেকর্ড

শুধু বক্স অফিসে নয়, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ ভেঙে দিয়েছে গিনেস বুকের রেকর্ডও। মূলত সিরিজের পুরোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নতুনটির সংযোগই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে নতুন মাত্রা দিয়েছে।

‘নো ওয়ে হোম’ ছবিতে টবি মাগুয়েইর ও উইলহেম ডাফোকে দেখা যায় নিজেদের দুই দশক পুরোনো চরিত্রে। যাকে এখন ‘স্পাইডার-ম্যান’-এর মূল সিরিজের ধারাবাহিকতা হিসেবে ধরা হচ্ছে। সে হিসেবে লাইভ-অ্যাকশন মার্ভেল কমিকসের কোনো চরিত্রে সবচেয়ে বেশি সময় অভিনয় করলেন তারা।

২০০২ সালে স্যাম রাইমির ‘স্পাইডার-ম্যান’ ছবিতে পিটার পার্কার ও নরমান অসবর্ন চরিত্রে অভিনয় করেন যথাক্রমে টবি ও ডাফো। এর ১৯ বছর ২২৫ দিন পর মুক্তি পেল ‘নো ওয়ে হোম’। এর আগে এক্স-মেন থেকে লোগান পর্যন্ত উলভারাইন চরিত্রে ১৬ বছর ২৩২ দিন অতিক্রম করে রেকর্ড গড়েন হিউ জ্যাকম্যান।

ইতিমধ্যে বিশ্বব্যাপী ১৭০ কোটি ডলার আয় করে নিয়েও ষষ্ঠ সপ্তাহে বক্সঅফিসে দাপট দেখিয়ে যাচ্ছে ‘নো ওয়ে হোম’। জন ওয়াটস পরিচালিত এই ছবির বড় চমক ছিল টম হল্যান্ডের পাশাপাশি আগের দুই স্পাইডার-ম্যান টবি মাগুয়েইর ও অ্যান্ড্রু গরফিল্ডের অভিনয়। এ ছাড়া ছিল পুরোনো শত্রুসহ মার্ভেলের পরিচিতি কিছু চরিত্র।