এফডিসিতে ভোট দিতে এসে ময়ূরী জানালেন, তিনি আর সিনেমা করবেন না

১৯৯৮ সালে ‘মৃত্যুর মুখে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন চিত্রনায়িকা ময়ূরী। এ পর্যন্ত তার অভিনীত তিন শত সিনেমা মুক্তি পেয়েছে। নার্গিস আক্তার পরিচালিত ‘চার সতীনের ঘর’ শিরোনামের সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাংলা ভাই’। ২০০৬ সালের পর থেকে অনিয়মিত হয়ে পড়েন চলচ্চিত্রে।

২৮ জানুয়ারি, শুক্রবার দুপুরের দিকে এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন ময়ূরী। পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে মুখোমুখি হন গণমাধ্যমকর্মীদের। ময়ূরী বলেন, ‘এখন টুকটাক স্টেজ শো করি। তারপরেও আমি এখন ভালো আছি, আমার ফ্ল্যাট আছে গাড়ি আছে।’

এদিকে আর সিনেমায় অভিনয় করবেন না বলে জানালেন তিনি। পলিটিকস করে এফডিসি থেকে তাকে বের করে দেয়া হয়েছে বলেও এ সময় আক্ষেপ প্রকাশ করেন ময়ূরী। তিনি বলেন, ‘আমি এখন অনেক ভালো আছি। এখন আর সিনেমায় অভিনয় করব না।’

তিনি আরও বলেন, ‘আমাকে পলিটিকস করে বের করে দেয়া হয়েছে। নায়িকারা আমার নামে দুর্নাম ছড়াত। আমাকে অশ্লীল নায়িকা বলে প্রচার করা হতো।’