বিগ ব্যাশে শিরোপা জিতে নিল পার্থ স্কর্চার্স। শুক্রবার মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে সিডনি সিক্সার্সকে ৭৯ রানে হারায় দলটি। সুবাদে রেকর্ড চতুর্থ শিরোপা ঘরে তুলল স্কর্চার্স।
গত মৌসুমেও ফাইনাল খেলেছিল দুই দল। যেখানে পার্থ স্কর্চার্সকে হারিয়ে শিরোপা জিতেছিল সিক্সার্স।
টস হেরে ব্যাট করতে নামা স্কর্চার্স ২৫ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপাকে ছিল। তবে এভিন লুইসের দাপুটে ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় দলটা।
লুইস ৪১ বলে অপরাজিত ৭৬ রান করেন ৪টি করে চার ও ছক্কায়। অধিনায়ক অ্যাস্টন টার্নার খেলেন ৩৫ বলে ৫৪ রানের ইনিংস।
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিক্সার্স ১৬.২ ওভারে ৯২ রানে গুটিয়ে যায়। দলটির পক্ষে ড্যানিয়েল হিউজেস সর্বোচ্চ ৪২ রান করেন। অন্যরা প্রতিরোধ গড়তে পারেননি।
স্কর্চার্সের পক্ষে অ্যান্ড্র টাই ৩টি এবং ঝাই রিচার্ডসন ২ উইকেট নেন।
ম্যাচসেরা হয়েছেন লুইস। টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন বার্ট হ্যারিকেনসের বেন ম্যাকডারমট।
পার্থ স্কর্চার্স এর আগে ২০১৩-১৪, ২০১৪-১৫ ও ২০১৬-১৭ মৌসুমে শিরোপা জিতেছিল।