চট্টগ্রামের সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলেদের ১৮টি ঘর পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে জেলে পাড়ায় এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে একটি ঘর থেকে আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় সবাই ঘুমে ছিলেন। তবে আগুন দেখে কয়েকজন চিৎকার করলে সবার ঘুম ভেঙে যায়। ফলে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি।
শুকনা মৌসুম ও বাতাসের প্রবাহ থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তার আগেই ১৮টি ঘরের মালামাল, ঘরে থাকা নগদ টাকা ও জেলেদের জাল পুড়ে ৫০ লাখ টাকার ক্ষতি হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করেন।