চাঁদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে তোফায়েল আহম্মেদ খান ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার শাহমাহমুদপুর এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও সহস্রাধিক অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মোশাররফ হোসেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এমএ খান জুয়েলের সভাপতিত্বে ও বাংলাদেশ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী, ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর খান, শাহ মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান নান্টু।
অধ্যাপক মো. মোশারফ হোসেন বলেন, অতীতে এ এলাকার মানুষের পাশে যেভাবে তোফায়েল আহমেদ খান দাঁড়িয়েছিলেন, ঠিক তারই ধারাবাহিকতায় এমএ খান জুয়েলসহ অন্যান্য সন্তানেরাও তার বাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
এ সময় তিনি বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। আপনি যতই দরিদ্র হোন না কেন? সুশিক্ষিত হওয়া প্রতিটি শিশুর জন্মগত অধিকার। তাই আপনার সন্তানকে শিক্ষিত করতে আপনাকে যদি আর্থিকভাবে হিমশিম খেতে হয় বা কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, তোফায়েল আহমেদ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আশা করি, ভবিষ্যতেও আপনাদের যেকোনো সমস্যায় এই ফাউন্ডেশন আপনাদের পাশে দাঁড়াবে।