এক ঝলকে

সৃজিত-তাপসীর খুনসুটি

ঢাকার জামাই সৃজিত মুখার্জির ছবিতে দেখা যাবে দক্ষিণ ভারতের মেয়ে তাপসী পান্নুকে। এটা বেশ পুরনো খবর। নতুন খবর হলো, এর মধ্যে ‘শাবাশ মিঠু’ নামের সেই হিন্দি ছবির শ্যুটিং শেষ। এখন চলছে ডাবিং। আর সেখানে ভালোই খুনসুটির বহিঃপ্রকাশ ঘটালেন দুজনে। সৃজিত মুখার্জি ডাবিংয়ের একটি ছবি পোস্ট করলেন পান্নুর সঙ্গে। ক্যাপশনে লিখেছেন, ‘ডাব নে বানা দে জোড়ি!’ এই ক্যাপশন আর ছবিতেই বাজিমাত। অন্তর্জালে মুহূর্তেই ভাইরাল। শাহরুখ খান ও আনুশকা শর্মার ‘রাব নে বানা দে জোড়ি’র রেশ ধরেই সৃজিত এই ক্যাপশনটি দিয়েছেন। কম যান না তাপসীও। তিনি ইন্সটাগ্রামে সৃজিতের মন্তব্যের ঘরে এসে লেখেন, ‘দরদি ডাব ডাব করদি’! এই লাইনটি তিনি নিয়েছেন দেলের মেহেন্দির বিখ্যাত পাঞ্জাবি গান থেকে। এখানেই শেষ নয়, সৃজিতের পোস্ট করা ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে তাপসী লেখেন, ‘মাঠের বাইরে বাজিমাত করতে আসছি শিগগিরই।’ ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’। আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক তিনি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। এবারই প্রথম নয়, সৃজিত টলিউড জয় করে বলিউডের বাউন্ডারি হাঁকানোর ভালোই প্রস্তুতি নিয়েছেন এর মধ্যে। প্রশংসিত হয়েছেন বলিউডের ‘বেগম জান’ ও নেটফ্লিক্স সিরিজ ‘রে’ পরিচালনা করে।

আসছে শাহরুখের ‘লাভ হোস্টেল’

বলিউডের বাদশাহ শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ২০২১ সালের ডিসেম্বরে ‘বব বিশ্বাস’ ছবিটি মুক্তি দেয়। অভিষেক বচ্চন অভিনীত সেই সিনেমা ওটিটিতে বেশ দর্শক মাতিয়েছে। এবার ‘লাভ হোস্টেল’ নামে একটি থ্রিলার সিনেমা মুক্তি দিতে যাচ্ছে রেড চিলিজ। বলিউড হাঙ্গামাকে সিনেমার পরিচালক শঙ্কর রমন জানিয়েছেন, ‘লাভ হোস্টেল’ ১৮ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে। সিনেমার ট্রেলার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাবে। আমরা এটি নিয়ে খুবই আশাবাদী। আশা করছি সবার ভালো লাগবে।’ জনপ্রিয় বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা খুবই উত্তেজিত শাহরুখ খান প্রযোজিত সিনেমায় কাজ করতে পেরে। তিনি বলেন, ‘আমি শাহরুখের বিশাল ভক্ত। তার সঙ্গে কাজের স্বপ্ন দেখি। তবে তার প্রযোজনায় কাজের সুযোগ পেয়েও আমি আনন্দিত।’ এ ছবিতে আরও অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, ববি দেওল।

বিজ্ঞাপনে গায়ক ফারদিন

কণ্ঠশিল্পী ফারদিন গানের বাইরে অভিনয়ও করেন। এবার তিনি মডেল হলেন একটি বিজ্ঞাপনে। এটি দিয়ে নতুন বছরের প্রথম কাজ শুরু করেছেন বলে জানান। তাকে দেখা যাবে বসুমতী মা ও শিশু হাসপাতালের বিজ্ঞাপনের মডেল হিসেবে। এতে তার সহশিল্পী চিত্রনায়িকা মায়া মিতু। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আনিস শিকদার। ফারদিন বলেন, ‘একজন প্রসূতি মায়ের সিজার না হয়ে নরমাল ডেলিভারি এবং বাচ্চার সুস্থতা নিয়েই মূলত এ ওভিসিটি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হয়েছে কাজটি। ভালো কাজের সঙ্গে থাকতে ভালো লাগে। নতুন বছরে বিশেষ কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছি।’