এমডিসহ ৬৭ জনের করোনা, বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা নাগরিক ও এমডিসহ ৬৭ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ নিয়ে অসুস্থ আরও অর্ধশত কর্মকর্তা।

এ পরিস্থিতিতে বাংলাদেশি শ্রমিকদের ছুটি দিয়ে খনি থেকে কয়লা উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। করোনা ছড়িয়ে পড়ায় ২৭ জানুয়ারি সকাল থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী কামরুজ্জামান জানান, খনিতে কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি’র এক্সএমসির ৩৬ জন চীনা কর্মকর্তা ও বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানি লি. (বিসিএমসিএল) এর এমডিসহ ৩১ জন বাংলাদেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত এবং অর্ধশত কর্মকর্তা করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে কয়লা উত্তোলন।