ওয়েস্ট ইন্ডিজে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ম্যাচ চলাকালেই ভূমিকম্পের ঘটনা ঘটেছে।
ত্রিনিদাদে শনিবার প্লেট গ্রুপের সেমিফাইনাল ম্যাচ চলছিল আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যে। সেই সময় পোর্ট অব স্পেনে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.২।
মাঠে থাকা ক্রিকেটাররা টের না পেলেও, ধারাভাষ্যের বক্সে সেই ঘটনা ভালোই বোঝা গেছে। সামনে থাকা টিভি স্ক্রিন কাঁপতে থাকার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, মাঠে থাকা ক্যামেরা বিপজ্জনকভাবে কাঁপছে। ধারাভাষ্যকাররাও ঘাবড়ে যান।
সেই সময় আইসিসি-র হয়ে ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিয়োনার্ড বক্সে ছিলেন। তিনি বলেছেন, ‘আমার মনে হচ্ছে এখন ভূমিকম্প হচ্ছে। বক্সে বসে আমরা বুঝতে পারছি। সত্যিই কি এটা ভূমিকম্প? কুইন্স পার্ক ওভালের গোটা মিডিয়া সেন্টারই থরথর করে কাঁপছে।’
জিম্বাবুয়ের ইনিংসের ষষ্ঠ ওভার চলার সময় এই ঘটনা ঘটে। তবে মাঠে থাকা ক্রিকেটাররা সে ভাবে কিছু টের পাননি।
এক সাংবাদিক পরে ওই ঘটনার ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তা দ্রুত ভাইরাল হয়ে যায়।