টিকাবিরোধী বিক্ষোভ

নিরাপত্তা নিয়ে শঙ্কা, গা ঢাকা দিলেন ট্রুডো

করোনায় নতুন ধরন ওমিক্রনের ঊর্ধ্বগতির মধ্যেই টিকা ও অন্যান্য বিধিনিষেধ বিরোধী বড় ধরনের বিক্ষোভ চলছে কানাডায়। সরকারের দেওয়া বিধিনিষেধের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ করছেন মানুষ। এই পরিস্থিতিতে সপরিবারে রাজধানী অটোয়ার বাসভবন ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিক্ষোভের মধ্যে বাসভবন ছেড়ে পরিবার নিয়ে গোপন জায়গায় চলে গেছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ট্রুডোর অবস্থান জানাতে অস্বীকৃতি জানানো হয়েছে।

ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে সম্প্রতি কানাডাজুড়ে বেড়েছে করোনার সংক্রমণ ও প্রাণহানি। আর তাই ভাইরাসের অতিসংক্রামক এই ভ্যারিয়েন্টের বিস্তার মোকাবিলায় সম্প্রতি নতুন বিধিনিষেধ আরোপ করে কানাডার ক্ষমতাসীন জাস্টিন ট্রুডোর কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত পারাপারের সময় ট্রাকচালকদের করোনা টিকা গ্রহণের সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়। আর এর পরই দেশজুড়ে বিশাল বিক্ষোভ শুরু হয়।

কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, করোনা সংক্রমণ রুখতে আরোপ করা ভ্যাকসিন ম্যান্ডেট এবং স্বাস্থ্যবিষয়ক অন্য আরও বিধিনিষেধের কারণে হাজার হাজার ট্রাকচালকসহ বহু সংখ্যক বিক্ষোভকারী গত শনিবার থেকে রাজধানী অটোয়ায় জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এ সময় তারা ভ্যাকসিন ম্যান্ডেট ও অন্যান্য বিধিনিষেধের অবসান দাবি করেন। বিক্ষোভকারীদের মধ্যে ট্রাকচালকদের সংখ্যাই বেশি। মূলত নতুন নিয়মে সীমান্ত পারাপারের সময় টিকা সনদ প্রদর্শন বাধ্যতামূলক ঘোষণার পর থেকেই দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চল থেকে হাজারো ট্রাকচালক অটোয়ায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন।

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে রাজধানী অটোয়ার বাসভবন ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার পরিবার। বিক্ষোভকারীরা ট্রুডোর দপ্তরের সামনে রাস্তায় বিক্ষোভ অব্যাহত রাখায় বাসভবন ছাড়েন তিনি। অন্দোলনকারীরা কানাডার পতাকা, কুইবেকের পতাকা এবং আমেরিকান পতাকা নিয়ে বিক্ষোভ করছেন।

কানাডায় এখন প্রচন্ড ঠান্ডা আবহাওয়া চলছে। প্রতিকূল এই আবহাওয়া সত্ত্বেও বিক্ষোভকারীরা পার্লামেন্ট চত্বরের মধ্যে ঢুকে পড়ায় সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। অবশ্য সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় কানাডার পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।