চট্টগ্রামে বিপিএল

ঢাকার অনুশীলনে মাঠে হঠাৎ হেলিকপ্টার

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রবিবার অনুশীলন করছিল বিপিএলের দল মিনিস্টার ঢাকা। দুপুর তখন ১টা ১০ মিনিটের মতো। ওই সময়েই মাঠে চলে আসে এক এয়ার অ্যাম্বুলেন্স। নামে মাঠের ঠিক যে পাশে অনুশীলন করছিলেন খেলোয়াড়রা। এমন ঘটনায় অবাক হন মাশরাফী, তামিম, মাহমুদউল্লাহরা। পরে জানা যায় এর সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই স্টেডিয়াম কর্র্তৃপক্ষ বা মিনিস্টার ঢাকার সঙ্গে। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত এক মুমূর্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে স্টেডিয়ামে নামে সেই এয়ার অ্যাম্বুলেন্স। জেলা প্রশাসক কর্র্তৃক নামার অনুমতিও নিয়েছে তারা। মানবিক কারণে বিপিএলের অনুশীলনের মাঝেও অনুমতি দেওয়া হয়। এ প্রসঙ্গে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীম বলেন, ‘হেলকপ্টারটি মানবিক কারণে নামার অনুমতি দেওয়া হয়েছে। আমাদের আগেই জানানো হয়েছে, আমরা ক্রিকেট বোর্ড ও ঢাকা টিমকে বিষয়টি অবহিত করি। পূর্ব পাশে জায়গা ঠিক করা থাকলেও পাইলট ভুলবশত পশ্চিম পাশে অনুশীলনের কাছেই অবতরণ করে। এ কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’