বিএনপির বহুদলীয় গণতন্ত্র চটকদার বিজ্ঞাপনের মতো ছিল মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রহসন ও ভোটারবিহীন নির্বাচনে দলটি দেশে রেকর্ড সৃষ্টি করেছে।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এ দেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে।
তিনি বলেন, ‘স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ক্ষমতার শেয়ার দিয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপি বেইমানি করেছিল। অপশক্তির সহযোগী হিসেবে তারা নিজেরাই নিজেদের দেশ বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘লবিস্ট নিয়োগ করে রাষ্ট্র বিরোধী প্রচারণা চালানো তার জ্বলন্ত প্রমাণ। বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। জনগণের কাছে বিএনপির মুখোশ আজ উন্মোচিত।’
বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সাথী করে নিয়েছে- দাবি করে তিনি বলেন, ‘বিএনপি মুখোশপরা গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো।’
সেতুমন্ত্রী বলেন, এ দেশের অর্থনীতিতে বিএনপি খাল কেটে কুমির এনেছিল, উন্নয়ন তাদের শত্রু। ভোট ডাকাতি, ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন এবং ভুয়া ভোটার সৃষ্টিতে তারা এ দেশে রেকর্ড সৃষ্টি করেছে। অথচ এ দলটি নির্লজ্জের মতো সরকারের ওপর নিজেদের ব্যর্থতার দায় চাপায়।
তিনি বলেন, বিএনপির রাজনীতি অনিয়ম, লুটপাট আর দুর্নীতির সংস্কৃতিতে অভ্যস্ত। তাদের তথাকথিত উন্নয়ন ছিল বিদ্যুৎ সংযোগহীন খাম্বার মতো।