নরসিংদীর মাধবদীতে কাইয়ুম মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভুইয়ম গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
কাইয়ুম মিয়া মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের বীর মুক্তিযোদ্ধা রশিদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থেকে বেশ কিছুদিন আগে দেশে ফেরেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সকালে আমদিয়া ইউনিয়নের ভুইয়ম গ্রামে মুক্তিযোদ্ধা রশিদ মিয়ার বাড়ির একটু অদূরে মাঠের পাশে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে তারা মাধবদী থানা-পুলিশকে খবর দেয়। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মাধবদী থানার এসআই মো. ফরহাদ হোসেন জানান, মরদেহটি গলাকাটা অবস্থায় পেয়েছি আমরা।
মাধবদী থানার ওসি মো. সৈয়দুজ্জামান বলেন, আমরা সকাল সাড়ে দশটার দিকে মরদেহের খবর পাই। কীভাবে কি ঘটল তা জানতে পারিনি এখনো। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।