কিলিয়ান এমবাপ্পেকে তাহলে কিছুতেই ধরে রাখতে পারছে না পিএসজি! চলতি মৌসুম শেষেই ফ্রি ট্রান্সফারে ফরাসি তারকা রিয়াল মাদ্রিদে যাচ্ছেন বলে খবর। এমনকি জার্মান সংবাদমাধ্যম বিল্ডের দাবি, দুই পক্ষ চুক্তির জন্য সমঝোতায়ও পৌঁছেছে।
নিজ দেশের ক্লাব পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন। প্যারিসের ক্লাবটি অবশ্য বিশ্বকাপজয়ী তারকাকে যে কোনো মূল্যে ধরে রাখতে চায়। কিন্তু রিয়ালের আগ্রহই নাকি প্রাধান্য পাচ্ছে এমবাপ্পের কাছে। তাই পিএসজির চুক্তি নবায়নের সব প্রস্তাবও তিনি ফিরিয়ে দিয়েছেন।
বিল্ড জানাচ্ছে, পিএসজি এরই মধ্যে এমবাপ্পেকে ধরে রাখার আশা ছেড়ে দিয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি দিলে প্রতি মৌসুমে ৫ কোটি ইউরো আয় করবেন এমবাপ্পে। যা ২৩ বছর বয়সী তারকাকে বিশ্বের সবচেয়ে বেশি বেতন প্রাপ্ত খেলোয়াড় করে তুলবে।
সামনেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, সেই ম্যাচ দুটি শেষ হওয়ার আগে দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে যাবে না।
এমবাপ্পেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, তিনি পিএসজির হয়ে ট্রফি জিততে এখন সর্বোচ্চ চেষ্টা চালাবেন।