শিপ ইয়ার্ডে কাজ করার সময় শ্রমিক নিহত

চট্টগ্রামের সীতাকুন্ডে পুরাতন জাহাজ ভাঙার একটি কারখানায় কাজ করার সময় মো. আরিফুল ইসলাম (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত কবীর স্টিল নামক শিপ ইয়ার্ডে কাটারম্যানের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৩টার দিকে পুরাতন জাহাজের একটি লোহার প্লেট কাটছিলেন আরিফুল।

এ সময় অসাবধানতাবশত লোহার একটি বড় প্লেট তার গায়ে পড়লে মাথা ও পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।

অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুন্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় একজন শ্রমিক মারা গেছেন। তবে তিনি কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।