ভারতের ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করেছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশটির পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে গতকাল মঙ্গলবারের এই বাজেটকে বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতির এই দেশটির বাজেট বৈশ্বিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। সেই দিক বিবেচনায় বার্তা সংস্থা এএফপি ভারতের বাজেট ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে।
ভারতের প্রথম বাজেট : দেশটির প্রথম বাজেট ঘোষণা হয় ১৮৬০ সালের ৭ এপ্রিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্কটিশ অর্থনীতিবিদ জেম উইলসন এ বাজেট পেশ করেছিলেন। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম বাজেট পেশ হয় ১৯৪৭ সালের ২৬ নভেম্বর।
দীর্ঘতম ভাষণ : বাজেট অধিবেশনে দীর্ঘতম ভাষণ ছিল ২ ঘণ্টা ৪২ মিনিটের। ২০২০ সালে এ রেকর্ড গড়েন নির্মলা সীতারমন। এরপরও বাজেটের দুটি পৃষ্ঠা পড়া বাকি ছিল।
সবচেয়ে বেশি শব্দ : ১৯৯১ সালে ১৮ হাজার ৬৫০ শব্দ নিয়ে সবচেয়ে বেশি শব্দ সংবলিত বাজেট পেশ করেন মনমোহন সিং। মনমোহনের বাজেট ভাষণ ছিল ১ ঘণ্টা ৪৯ মিনিটের।
সবচেয়ে ছোট বাজেট ভাষণ : ১৯৭৭ সালে হিরুভাই মুল্লজিভাই প্যাটেল সবচেয়ে ছোট বাজেট ভাষণ দিয়েছিলেন। তার বাজেটে শব্দ ছিল মাত্র ৮০০টি।
সবচেয়ে বেশি বাজেট পেশ : ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই। তিনি ১৯৬২ থেকে ১৯৬৯ সালের মধ্যে ১০টি বাজেট পেশ করেন।
সময় : ১৯৯৯ সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ কর্মদিবসে বিকেল ৫টায় বাজেট ঘোষণার নিয়ম ছিল। সেই ব্রিটিশ আমলে শুরু হয়েছিল এই রীতি। এরপর যশবন্ত সিনহা তা পরিবর্তন করে বেলা ১১টা থেকে বাজেট পেশের রীতি চালু করেন।
ভাষা : ১৯৫৫ সাল পর্যন্ত ভারতে শুধু ইংরেজি ভাষায় বাজেট পেশ করা হতো। পরে কংগ্রেস সরকার তা পরিবর্তন করে ইংরেজি ও হিন্দিতে বাজেট প্রকাশ শুরু করে।
কাগজবিহীন বাজেট : ২০২১ সালে করোনাভাইরাস মহামারীর মধ্যে ভারতে প্রথমবার কাগজবিহীন বাজেট পেশ হয়।
বাজেট ও নারী মন্ত্রী : ভারতের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে ১৯৭০-৭১ সালে বাজেট পেশ করেন ইন্দিরা গান্ধী। এরপর ২০১৯ সালে দেশটির দ্বিতীয় নারী অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করেন নির্মলা সীতারমন।
রেলবাজেট: ২০১৭ সালের পর থেকে আলাদা করে রেল বাজেট ঘোষণার রীতি উঠে যায়। ৯২ বছরের প্রচলিত প্রথা থেকে বেরিয়ে আসে ভারত।