সোনারগাঁয়ে পাচারকালে ১০০ বস্তা সার জব্দ

সোনারগাঁয়ে কৃষকদের জন্য সরবরাহকৃত সরকারি ন্যায্যমূল্যের সার অধিক মুনাফার লোভে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। উপজেলার বারদী ইউনিয়নের শান্তির বাজারের ডিলার ‘ভূঁইয়া ট্রেডার্স’-এর মালিক নাসিরউদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউএনও ওই ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ও তাকে সতর্ক করে দেন।

স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে ডিলার নাসির পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ার সার ব্যবসায়ী আলী আজগরের কাছে ১০০ বস্তা সার ও ১০ কার্টন কীটনাশক বিক্রি করে দেন। পরে ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় এসব সার ও কীটনাশকসহ ট্রলারের চালক ইসমাইল ও হেলপার জয়নালকে আটক করে স্থানীয়রা।

স্থানীয় কৃষক জুয়েল জানান, সোমবার সন্ধ্যায় ভূঁইয়া ট্রেডার্সে সার কিনতে গেলে ডিলার নাসির সার নেই বলে জানিয়ে দেন। তিনি দোকান থেকে চলে যাওয়ার সময় দেখতে পান ট্রলারে করে সার অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। পরে স্থানীয় কৃষক ও এলাকাবাসী মেঘনা নদী থেকে হাতেনাতে তাদের ধরে ফেলে। এ সময় প্রশাসনের লোকজনকে খবর দিলে বারদী ইউনিয়ন উপসহকারী

কৃষি কর্মকর্তা রিয়াদ হাসান আটক সার ও কীটনাশক তার জিম্মায় নেন। তবে কৌশলে পালিয়ে যায় ট্রলারের চালক ও হেলপার।

বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল বলেন, ‘এলাকার কৃষকদের কাছে সার বিক্রি না করে অন্যত্র বিক্রির অভিযোগ নাসিরের বিরুদ্ধে এর আগেও ছিল। এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছি।’

অভিযুক্ত ডিলার নাসিরউদ্দিন বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি মহল আমার ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আটক হওয়া সার ও কীটনাশক আমার দোকানের নয়।’

বারদী ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা রিয়াদ হাসান বলেন, ‘এ সার যেহেতু অন্য উপজেলায় যাচ্ছে সেহেতু এটাকে পাচার বলা হবে। কোনোভাবেই এমন কাজ করা যাবে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী বলেন, ‘ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’