মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে রস ছাড়াই চুন ও চিনি দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল উপজেলার মজমপাড়া, গোড়াইল ও মালুচি এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় প্রায় ৫ মণ ভেজাল গুড় ধ্বংস করা হয়।
জানা যায়, মজমপাড়ার মো. ককেলের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির সরঞ্জাম, চুন, বাসি ঝোলা ও প্রায় এক মণ ভেজাল গুড় জব্দ করা হয় এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই অভিযোগে মজমপাড়া, গোড়াইল ও মালুচি গ্রামের গাফফার, খলিল, মোয়াজুদ্দিন, আলাউদ্দিন ও সেন্টু মিয়াকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ককেল ও সেন্টু মিয়ার গুড় কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।’