ভারত-উইন্ডিজ ওয়ানডে সিরিজ দর্শকশূন্য মাঠে

ভারত ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে।

৬ থেকে ১১ ফেব্রুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। টাইমস অব ইন্ডিয়ার খবর, করোনা প্রাদুর্ভাবের কারণে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন দর্শকশূন্য মাঠে খেলা আয়োজনের কথা জানিয়েছে।

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন টুইট বার্তায় লিখেছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটি ভারতের ১০০০তম ওয়ানডে ম্যাচ হতে যাচ্ছে। বিশ্বে ভারতীয় দলই প্রথম এই মাইলফলকে পৌঁছাল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সব ম্যাচই ফাঁকা গ্যালারিতে করতে হবে।’

ওয়ানডে সিরিজের পর কলকাতায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খেলাগুলোতে ৭৫ শতাংশ দর্শক উপস্থিতির অনুমতি দেওয়ার কথা জানিয়েছে।