ময়মনসিংহের গফরগাঁওয়ে টমটমের নিচে চাপা পড়ে আনিশা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার লংগাইর ইউনিয়নের লংগাইর গ্রামে বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিশা ওই এলাকার প্রবাসী আলামিনের মেয়ে এবং স্থানীয় মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আনিশা রাস্তা পার হতে গিয়ে টমটমের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, বাবা-মার একমাত্র সন্তান আনিশা। তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।