বরিশালে ‘বর্ণ মিছিল’

সর্বত্র বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারের দাবিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ণ মিছিল’। গতকাল বুধবার দুপুরে বরিশাল সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র প্রাঙ্গণ থেকে বর্ণ মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটি বের করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘দি অডেশাস্ (দুঃসাহসী)’।

মিছিল শেষে সেখানে ভাষা সমাবেশ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। সভাপতিত্ব করেন দুঃসাহসীর সভাপতি সাঈদ পান্থ। সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক সাজ্জাদ পারভেজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আল মামুন তালুকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু প্রমুখ।