চট্টগ্রামের মিরসরাইয়ে ছয়বারের নির্বাচিত সাবেক ইউপি সদস্য (মেম্বার) আবুল কাশেম হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোম ও মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ছিনতাইকালে চিনে ফেলায় কাশেম মেম্বারকে হত্যা করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে মিরসরাই থানার এক এসআই জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে দুজন ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গত ২৬ জানুয়ারি সন্ধ্যার পর ছিনতাইয়ের উদ্দেশ্যে স্থানীয় শাহেরখালী খালের পাশে ওৎপেতে ছিল এজাহারভুক্ত আসামি ফাহাদ হোসেন ও মীর হোসেন। তারা সন্ধ্যা প্রায় সাড়ে ৭টায় ছিনতাইয়ের উদ্দেশ্যে আবুল কাশেমের পথরোধ করে। এসময় একটি কাটিং কাঁচি দিয়ে প্রথমে তারা আঘাত করে কাশেম মেম্বারের মাথায়। কিন্তু কাশেম ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার বেলালের ছেলে ফাহাদকে চিনে ফেলেন। এতে ফাহাদ ও মীর হোসেন কাশেমকে শাহেরখালী খালের পাশে নিয়ে তার পেটে ওই কাঁচি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে মারা গেছে মনে করে কাদায় ফেলে চলে যায়। পরে স্বজনরা কাশেম মেম্বারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১ ফেব্রুয়ারি ভোরে সেখানে তিনি মারা যান।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই) রাজিব পোদ্দার বলেন, কাশেম মেম্বার হত্যা মামলায় ফাহাদ হোসেন (২০), সিরাজুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম (৩০) ও মীর হোসেনকে (২১) আদালতে তোলা হচ্ছে।