অঘটনে শুরু প্রিমিয়ার লিগ, স্বাধীনতার কাছে হার বসুন্ধরার

প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের অভিষেক ম্যাচেই সবাইকে চমকে দিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলতে নেমেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে দিল দলটা।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বৃহস্পতিবার কিংসকে ২-১ গোলে হারিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। দলটির পক্ষে গোল করেন নেদো তুর্কোভিচ ও রাসেল আহমেদ। কিংসের পক্ষে ব্যবধান কমানো গোলটি করেন বদলি ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ।

২০০৫ সালে ঢাকার খিলগাঁওয়ে প্রতিষ্ঠিত ক্লাব স্বাধীনতা ক্রীড়া সংঘ গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উঠে আসে। সেই দলের বিপক্ষে এদিন খুঁজে পাওয়া যায়নি টানা দুটি লিগ জয়ী বসুন্ধরা কিংসকে।

দলটির নিয়মিত অধিনায়ক তপু বর্মন ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ চোটের কারণে ছিলেন না। রবসন দি সিলভা রবিনিয়ো ও স্তইয়ান ভ্রানিয়াস ছিলেন নিজেদের ছায়া হয়ে।

শারীরিক অসুস্থতায় মাঠে উপস্থিত ছিলেন না বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোনও। তার জায়গায় ডাগ আউট সামলান মাহবুব হোসেন।

স্বাধীনতা ক্রীড়া সংঘ ২৬ মিনিটেই লিড নেয় বসনিয়ার স্ট্রাইকার নেদোর পেনাল্টি থেকে করা গোলে। বিরতির পর রাসেল ব্যবধান দ্বিগুণ করেন। ৭৩ মিনিটে তৌহিদুল আলম সবুজের গোলে ব্যবধান কমায় বসুন্ধরা।

এদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে উত্তর বারিধারাকে ২-১ ব্যবধানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।