করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি-বেসরকারি কার্যালয়ে অর্ধেক জনবল নিয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। তবে ২১ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। সে জন্য এই নির্দেশনা কার্যকর হবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে আজ দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ঠিক কত শতাংশ কর্মকর্তা নিয়ে কার্যক্রম চলবে, ব্যাংকগুলো তা নিজেরাই ঠিক করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ২৪ জানুয়ারি থেকে এই নির্দেশনায় চলছে ব্যাংকগুলো। নতুন করে নির্দেশনার সময় বাড়ানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে পালাক্রমে (রোস্টারিং) অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে এ সময় অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিজ কর্মস্থল এলাকায় অবস্থান করে দাপ্তরিক কার্যক্রম ভার্চ্যুয়ালি সম্পাদন করবেন। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখার ক্ষেত্রে প্রয়োজন অনুসারে নিজ বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে বলে জানানো হয় নির্দেশনায়। এ ছাড়া ব্যাংকে সেবা নিতে আসা গ্রাহকদের আবশ্যিকভাবে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানারও নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।