কবে ফিরবেন, ৩-৪ মাসের মধ্যে বুঝতে পারবেন ফেদেরার

চোট কাটিয়ে কোর্টে ফিরে সদ্য ২১তম গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। তা রজার ফেদেরারের ভবিষ্যত্‍ কী? টেনিসে কি ফিরতে পারবেন তিনি?

ফেদেরারের ধারণা, মাস তিন-চার পর তিনি নিজেই বুঝতে পারবেন, তার ভবিষ্যত্‍ কী। অর্থাৎ এপ্রিল-মে মাস নাগাদ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

দুই দশক ধরে টেনিস বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন নাদাল, ফেদেরার ও নোভাক জকোভিচ। নাদালের মতোই ফেদেরারের দুরন্ত প্রত্যাবর্তন দেখতে চাইছে টেনিস ভক্তরা।

গত বছর উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে হেরে ছিটকে যাওয়ার পর দুটি অস্ত্রোপচার হয়েছে ফেদেরারের হাঁটুতে। সুইস তারকাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ তো এমনও বলছেন, অবসর নেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন তিনি।

এ অবস্থায় ফেদেরার বলছেন, ‘আমি আবার প্রবলভাবে ফিরে আসতে চাই। আমার মধ্যে যতটুকু টেনিস আছে, সেটা উজাড় করে দিতে চাই। যারা আমাকে নিয়ে উদ্বিগ্ন, তাদের ছোট্ট আপডেট দিয়ে রাখি, আগামী কটা মাস আমার কাছে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’

‘আশা করছি, এপ্রিল-মে মাস নাগাদ আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। এখনো আমি খাটছি। আর সেই পরিশ্রম করার জন্য এখনো একাগ্র।’