ইউএনওর কাছে অভিযোগ

মিরসরাইয়ে ইটভাটার কাছে পাওনা টাকা আদায়ের দাবি

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রিয়া অটো ব্রিকস নামে একটি ইটভাটার কাছে অগ্রিম ইট ক্রয়, নির্মাণকাজের জন্য সরবরাহকৃত মালামাল ও জ্বালানি তেলসহ বিভিন্ন খাতে পাওনা টাকা আদায়ের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বরাবর ভুক্তভোগীরা একত্রিত হয়ে এ অভিযোগ দেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ মে মিরসরাই উপজেলার সদর মিরসরাই ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে প্রিয়া অটো ব্রিকস নামে একটি প্রতিষ্ঠান স্থাপিত হয়। প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একজন মন্ত্রী। এতে এলাকাবাসী উৎসাহিত হয়ে নির্মাণকাজে সহযোগিতার হাত বাড়ায়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুরোধে নির্মাণের আগেই অগ্রিম ইট ক্রয়, ভিটে বালি, কাজের বালি, ইট, রড, সিমেন্ট, মাটি সরবরাহ কাজে টাকা দেয় এলাকাবাসী। কিন্তু প্রতিষ্ঠানটি ২০১৯ সালের ১৫ নভেম্বর উৎপাদন শুরু করলেও শতাধিক গ্রাহকের পাওনা টাকা/ইট পরিশোধ না করে বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে। বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ।

ভুক্তভোগী রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা আহসান উল্লাহ বলেন, ২৮ লাখ টাকা দিয়ে পিয়া অটো ব্রিকস থেকে ইট ফরোয়ার্ড (অগ্রিম ইট ক্রয় করা) করেছি। কিন্তু চার বছর পরও এখনো একটি ইট কিংবা এক টাকাও পাইনি।

এ বিষয়ে পিয়া অটো ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামানের মোবাইল ফোনে একাধিকার কল করলেও তিনি রিসিভ করেননি। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, গ্রাহকদের লিখিত অভিযোগ পেয়েছি।