১২ দিন ধরে শনাক্ত ১০ হাজারের বেশি

দেশে করোনার সংক্রমণ চলতি বছরের জানুয়ারি মাসে ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু ফেব্রুয়ারি থেকে নতুন রোগী ও শনাক্ত হার কিছুটা কমেছে। তবে ১২ দিন ধরে নতুন রোগীর সংখ্যা ১০ হাজারের ওপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল

৮টা) নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের। এর আগের দিন বুধবার রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৩ জন এবং মৃত্যু হয় ৩৬ জনের। এর আগে গত ২৩ জানুয়ারি রোগী শনাক্ত হয়েছিল ১০ হাজার ৯০৬ জন। এরপর থেকে রোগীর সংখ্যা ১০ হাজারের নিচে নামেনি।

দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত রোগী ও মৃত্যু নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৯৪ জনের।

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গত এক দিনে দেশে ৪৪ হাজার ৮৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮৬ শতাংশ এবং রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৬ জন। এর আগের দিন বুধবার নমুনা পরীক্ষার বিবেচনায় এ হার ছিল ২৭ দশমিক ৪৩ শতাংশে। সেদিন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৩ জন। এরও আগের দিন জানুয়ারি মাসের শেষ দিন গত মঙ্গলবারে নমুনা পরীক্ষার বিবেচনায় এ হার ছিল ২৯ দশমিক ১৭ শতাংশ। সেদিন নতুন রোগী ছিল ১৩ হাজার ৫০১ জন। গত ২৮ জানুয়ারি শনাক্ত হার সবচেয়ে বেশি ৩৩ দশমিক ৩৭ শতাংশ ছিল। এরপর থেকে দেশে করোনার শনাক্ত হার ও রোগী কমতে থাকে। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৬৯টি নমুনা। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশে যে ১১ হাজার ৫৯৬ জন রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ঢাকা বিভাগে নতুন শনাক্ত রোগী ৬ হাজার ৯৮৪ জন, ময়মনসিংহে ৩৪৮, চট্টগ্রামে ১ হাজার ৫১২, রাজশাহীতে ৮৩৩, রংপুরে ৪১২, খুলনায় ৭৪৩, বরিশালে ৩৭৫ এবং সিলেট বিভাগে ৩৮৯ জন শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২২ জন পুরুষ ও ১১ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, সিলেটে ২ এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।