অবৈধভাবে বালু উত্তোলন করে সেতুর ক্ষতি, ৬০ হাজার টাকা জরিমানা

জেলার সদর উপজেলার চাওয়াই নদীর খইপাড়ায় নির্মিত কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অপরাধে ফরহাদ ইসলাম (৩৩) নামে এক ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওই ব্যবসায়ীর বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত নুরুজ্জামান সরকারের ছেলে।

বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক জরিমানা করেন। এ সময় দুটি ট্রাক্টরসহ ট্রাক্টর মালিককে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ (১) ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, ফরহাদ ওই এলাকা থেকে ইজারা বহির্ভূতভাবে বালু ও পাথর উত্তোলন করে বিক্রি করছেন। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে আটক করে।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (এও) আব্দুর রশিদ, অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরুসহ সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে  নদীর বালু ও পাথর উত্তোলন করায় নির্মিত কাঠের সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবৈধ উপায়ে বালু ও পাথর উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।