ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অনেক কিছুই গুছিয়ে এনেছেন উল্লেখ করে মানুষের গালাগালির কারণে এখন পদ ছাড়তে চান ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বে থাকা মো. মাহবুব কবীর মিলন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২৪ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
এর আগে ইভ্যালির গাড়ি নিলাম বিজ্ঞপ্তি দেখে গ্রাহক ও মার্চেন্টরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা ইভ্যালির গাড়ি নিলামে বিক্রয় করার জন্য বিজ্ঞাপনের প্রতিবাদে হাইকোর্ট নিযুক্ত ইভ্যালির চেয়ারম্যান ও এমডি পদত্যাগ চেয়ে পোস্ট দেন। ওই পোস্টের কমেন্টে অনেকে চেয়ারম্যান ও এমডিকে উদ্দেশ্য করে গালাগালি করেছে।
মো. মাহবুব কবীর মিলনের পোস্টটি হুবহু তুলে দেয়া হলো-
‘কোম্পানি রান করবে, না দেউলিয়া ঘোষিত হবে সে সিদ্ধান্ত নেবে ব্যবস্থাপনা পরিচালক। মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশে সুস্পষ্টভাবে সেটাই বলা আছে। কোম্পানি রান করার বিন্দুমাত্র সুযোগ থাকলে তার চেষ্টা না করে কোনো অবস্থাতেই লক্ষ লক্ষ মানুষকে পথে বসানোর সিদ্ধান্ত দেবে না ব্যবস্থাপনা পরিচালক।
তিনি কোম্পানির টাকায় এক কাপ চা'ও খাননি, খাবেনও না। বিনা পারিশ্রমিকে নিজের গাড়ি, তেল মবিল পুড়িয়ে অফিস করছেন।
সেখান থেকে বের হবার দিন পর্যন্ত মানুষের কল্যাণের উদ্দেশ্যে তাই করে যাবেন।
গালাগালি খুব করে করতে থাকুন, যাতে তার দ্রুত সেখান থেকে বের হয়ে যাবার পথ ত্বরান্বিত হয়। তিনি অনেক কিছুই গুছিয়ে এনেছিলেন।
আল্লাহপাক আপনাদের হেফাজত করুন।
আমি একা এই অফিস ঝাড়ু দিয়েছি। ২০/২৫ দিন শুধুমাত্র একা অফিস করেছি। ২য় কেউ ছিল না। বাসায় গিয়ে রাত ১২টা পর্যন্ত কাজ করেছি গত দুই মাস ধরে। অনেক কিছুই গুছিয়ে এনেছিলাম। আহা! আমাকে করা গালাগালির ভাষাগুলো দেখছি আর চরমভাবে অসুস্থ হয়ে পড়ছি। ছেড়ে দেয়া ছাড়া আমার আর কোনো অপশন নেই।’