ব্রাজিলের দোরিয়েলতনের গোলে আবাহনীর স্বস্তির জয়

মাঘের শীতের বৃষ্টিতে মাঠ ভারী হয়ে ওঠায় স্বাভাবিক খেলা খেলতে পারেনি ঢাকা আবাহনী লিমিটেড। তবে স্বস্তি নিয়েই মাঠ ছাড়তে পেরেছে মারিও লেমোসের শিষ্যরা।

জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের চলতি আসর শুরু হলো আবাহনীর। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দোরিয়েলতনের একমাত্র গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ ব্যবধানে হারিয়েছে আবাহনী।

শুক্রবার টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে বৃষ্টি ভেজা মাঠে শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিলেও নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি ছয়বারের লিগ চ্যাম্পিয়নরা। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের।  

১২তম মিনিটে নুরুল নাইয়ুম ফয়সালের বাঁ-দিক থেকে বাড়ানো ক্রসে মুক্তিযোদ্ধার জাল খুঁজে নেন দোরিয়েলতন। চলতি মৌসুমে আবাহনীকে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জেতানোর পথে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। আবাহনীর হয়ে লিগে অভিষেকেই গোল পেলেন দোরিয়েলতন।

শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে লিগ শুরু করল আবাহনী। লিগের গত আসরে মুক্তিযোদ্ধার বিপক্ষে প্রথম লেগে ৪-১ গোলে জিতেছিল আবাহনী। ফিরতি লেগে ৪-২ ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় মুক্তিযোদ্ধা।

এবারের লিগে প্রথম জয়ে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আবাহনী। সমান এক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পরের স্থানে স্বাধীনতা ক্রীড়া সংঘ। মুক্তিযোদ্ধা আছে সবার শেষে।

দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের গোলে পুলিশ এফসিকে ১-০ ব্যবধানে হারিয়ে লিগে শুভসূচনা করেছে সাইফ স্পোর্টিং ক্লাব।